নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সাড়ে ১১ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। এর মধ্যে শনাক্ত হয়েছে আট হাজার ৭৯০ জন। সেই হিসেবে নমুনা পরীক্ষার সাড়ে ১১ শতাংশ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (২ মে) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ছয় হাজার ১৯৩টি আর পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭টি নমুনা। এই পর্যন্ত নমুনা পরীক্ষা ৭৬ হাজার ৬৬টি এবং এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা আট হাজার ৭৯০ জন।

তিনি আরও জানান, নমুনা সংগ্রহের হার আগের দিনের তুলনায় পাঁচ দশমিক ৯ শতাংশ বেশি এবং পরীক্ষার হার আগের দিনের তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৪৭ শতাংশ। আগের দিনের নমুনা পরীক্ষার ১০ দশমিক ২৪ শতাংশ শনাক্ত রোগী ছিল। গত দিনের তুলনায় সামান্য হলেও শনাক্ত রোগীর হার কমেছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ এ দেশে ২ মে পর্যন্ত ১৭৫ জনের মৃত্যু হয়েছে, মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।