‘মাদক থেকে দূরে থেকে নিজেকে সুস্থ রেখে নিজের জন্য, পরিবার এবং দেশের জন্য ভালো কাজ করতে হবে। কারণ বর্তমান প্রজন্মের মাঝেই রয়েছে দেশের আগামী দিনের কর্ণধার। আর যেকোনও আসক্তিই নিরাময়যোগ্য।’ মাদকবিরোধী অভিযান এবং প্রচারণা মাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং সংশ্লিষ্টরা।
আজ রবিবার রাজধানীর ফিরোজা বাসার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের চিকিৎসকরা।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যুগ্ম পরিচালক মফিদুল ইসলাম দেশে মাদকাসক্তের সংখ্যা ৫০ লাখ উল্লেখ করে বলেন, এই মাদকাসক্তদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে এবং ঠিকানা সাইকিয়াট্রিক ও ড্রাগ অ্যাডিকশন ক্লিনিকের আয়োজনে তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদকাসক্তির কারণ ও প্রতিকার নিয়ে একটি বিজ্ঞানসম্মত গবেষণাপত্র উপস্থাপনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আতিকুল হক মজুমদার। তিনি বলেন, অ্যাডিকশন (আসক্তি) একটি রোগ হলেও নিরাময়যোগ্য। এর জন্য দরকার সঠিক চিকিৎসা, পরিবেশ এবং পরিবারের সমর্থন ও ভালবাসা। একা থাকা মানুষের মাদক নেওয়ার ঝুঁকি বেশি বলে তিনি উল্লেখ করেন। মাদকাসক্তি থেকে নিরাময়ে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজেও তরুণ প্রজন্মকে বেশি করে সম্পৃক্ত থাকার পরামর্শ দেন ডা. আতিকুল।
অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের আরেক সহকারী অধ্যাপক অভ্র দাশ ভৌমিক বলেন, প্রথমে মানুষ মাদক খায় পরে মাদক মানুষকে খায়। তাই বন্ধুদের শত অনুরোধ সত্ত্বেও মাদক নেওয়া যাবে না।
ফিরোজা বাশার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ বলেন, সবার আগে নিজেকে এবং নিজের জীবনকে ভালবাসতে হবে। তাহলেই আমরা মাদক থেকে দূরে থাকবো।
অনুষ্ঠান শেষে একটি মানববন্ধনে অংশ নেন তারা।
/জেএ/এফএ/