আগস্টের ১৯ দিনেই সাড়ে ৪ হাজার ডেঙ্গু রোগী

এ বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। আগস্টের ১৯ দিনে ৪ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত।

এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩১ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছিল ৩০ জন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।  

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৭০ জন। এদের মধ্যে ২৪০ জনই ঢাকার। ঢাকার বাইরের ৩০ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৩৮ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে এক হাজার ১৪৫ জন, আর বাকি ৯৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ৭ হাজার ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫ হাজার ৯৮২ জন।