ডায়াবেটিস রোগীর করোনা হলে আরও মারাত্মক হয়

ডায়াবেটিস একটি মহামারি, করোনা আরেকটি মহামারি। বর্তমান বিশ্বে এখন একসঙ্গে দুইটি মহামারি চলছে। আর দুইটি মহামারি যখন এক সঙ্গে আসে তখন সেটা আরও ভয়ংকর ও মারাত্মক আকার ধারণ করে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

বৃহস্পতিবার ( ২৬ আগস্ট) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএইচআরএফ ডায়াবেটিস অ্যাওয়ারনেস ফেলোশিপ-২০২১’ এর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

করোনা হলে ডায়াবেটিস হয় এটা এখনও প্রমাণিত নয় তবে ডায়াবেটিস রোগী যদি করোনাতে আক্রান্ত হন তাহলে সেটা আরও মারাত্মক আকার ধারণ করে মন্তব্য করে অধ্যাপক এ কে আজাদ বলেন, আর রোগীর যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হয় সেটা আরও ভয়াবহ হয়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, যদি কেউ শিক্ষিত না হয় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন। তাই একবার ডায়াবেটিস হয়ে গেলে সেটা নিয়ন্ত্রণে রাখতে নিজেকেই সব কিছু শিখে নিতে হবে। আরও ভালো হয় এই অসুখটা হওয়ার আগে যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই অসুখ সম্পর্কে সবারই জানা উচিত, শেখা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত।

239400076_169208135285524_6449417330224092496_nএ সময় নরডিস্কের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বিএইচআরএফ ডায়াবেটিস অ্যাওয়ারনেস ফেলোশিপ-২০২১ প্রাপ্ত  গণমাধ্যম কর্মীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশেদ রাব্বিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য নুরুল ইসলাম হাসিব।