গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট মারা গেলেন ২৭ হাজার ৮৫৪ জন।
শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাত জনের মধ্যে তিন জনই ঢাকা বিভাগের। আর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে।
আবার ঢাকা বিভাগের তিন জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় আর অন্যজন ছিলেন ফরিদপুরের বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলায়, রাজশাহী বিভাগের রাজশাহী জেলায়, খুলনা বিভাগের মেহেরপুর জেলায় আর বরিশাল বিভাগের বরিশাল জেলায় একজনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাতে আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। তার ঠিক ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কথা জানানো হয়। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর করোনাতে মৃত্যু ২৭ হাজার ছাড়িয়ে যায়। আর গত ৫ এবং ১০ আগস্ট একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর কথা জানায় অধিদফতর।