দেশে করোনার চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। এই ক্যাপসুল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও হাসপাতালে ভর্তি অর্ধেক কমাতে পারে বলে মনে করছে সরকারের এই প্রতিষ্ঠান। আর চিকিৎসকের পরামর্শে এই ওষুধ সেবন করা যাবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। মঙ্গলবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
মাহবুবুর রহমান বলেন, ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এরমধ্যে অনুমোদন পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস। এই ওষুধ পাঁচ দিনের ডোজ। সকালে চারটা, বিকালে চারটা করে ক্যাপসুল ৫ দিনে চল্লিশটা খেতে হবে। ব্যবহার করতে পারলে কোভিড নিয়ন্ত্রণ করা সহজ হবে।
তিনি আরও বলেন, আমাদের দেশেও টেস্ট হয়েছে, ভালো ফলাফল পাওয়া গেছে। প্রতি ক্যাপসুল পঞ্চাশ টাকায় বিক্রি করা যাবে। দিনে মোট ৮টা গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এই ওষুধ টিকার বিকল্প নয়। টিকা নিতেই হবে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করে যাবে।
১৮ বছরের কমবয়সী কেউ এটি সেবন করতে পারবে না বলেও জানান মাহবুবুর রহমান।