বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতা তৈরির জন্য এক কিলোমিটার হাঁটার একটি র্যালির আয়োজন করেছে প্রাভা হেলথ। রবিবার (১৪ নভেম্বর) রাজধানীর বনানী এলাকায় প্রাভা হেলথ এই র্যালি করে।
ডায়াবেটিসের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে র্যালিটি এক কিলোমিটার হেঁটেছে বলে জানায় প্রাভা কর্তৃপক্ষ। এ ছাড়া দিবসটি উপলক্ষে প্রাভা হেলথের ফেসবুক পেইজ থেকে একটি বিশেষ লাইভ টক শো-এরও আয়োজন করা হয়েছে, যেখানে চিকিৎসকরা ডায়াবেটিসের উপসর্গ, চিকিৎসা এবং অন্যান্য জটিল পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন।
বিশ্ব ডায়াবেটিস দিবসের এই বছরের প্রতিপাদ্য ‘হাতের নাগালে ডায়াবেটিস সেবা : এখন নয়তো কখন’। এ স্লোগানের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রাভা হেলথ বিশেষ ডায়াবেটিস চেকআপ প্যাকেজ চালু করেছে। যার মাধ্যমে একজন রোগী মেডিসিন ডাক্তারের সঙ্গে পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা ও একজন পুষ্টিবিদের নির্দেশনা পেতে পারবেন। প্রাভা হেলথে একটি ডায়াবেটিস স্ক্রিনিং প্যাকেজও আছে। যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি পরীক্ষা, ডাক্তারদের সঙ্গে পরামর্শ এবং আছে একটি বার্ষিক সদস্যপদ, যাতে সারাবছর রোগীর ডায়াবেটিসের যত্ন নিশ্চিত হবে।
প্রাভা হেলথের ফ্যামিলি মেডিসিন কনসালট্যান্ট ডা. মোশাররফ হুসেন বলেন, ‘যতটুকু সম্ভব ডায়াবেটিস হওয়াটা এড়ানোই ভালো। কারণ এটি আপনার অনেক গুরুত্বপূর্ণ অঙ্গকে প্রভাবিত করতে পারে। এতে কিডনি বিকল হওয়া, অন্ধত্ব, হাত-পা হারানো ইত্যাদি গুরুতর জটিলতা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাস পরিবর্তন, ব্যায়াম এবং জীবনযাত্রায় পরিবর্তন করে ডায়াবেটিস এড়ানো সম্ভব।’
র্যালিতে অন্যান্যের মধ্যে ছিলেন প্রাভা হেলথের চিফ মেডিক্যাল অফিসার ডা. সিমিন এম আক্তার, মেডিক্যাল সার্ভিস ডিরেক্টর ডা. ফয়সাল রহমান, প্রাভা হেলথের চিকিৎসক, অন্যান্য চিকিৎসা সেবায় জড়িত ব্যক্তি ও কর্মচারীরা।