হাসপাতাল কর্তৃপক্ষের দাবি করা টাকা দিতে না পারায় এনআইসিইউ থেকে ৬ মাস বয়সী দুই শিশুকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর শ্যামলীর ‘আমার বাংলাদেশ হসপিটাল’ এর বিরুদ্ধে। পরে শিশু দুটির মধ্যে একটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই হাসপাতালের মালিক গোলাম সারোয়ারকে শুক্রবার (৭ জানুয়ারি) আটক করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
র্যাব কর্মকর্তা জানান, গত ৩১ ডিসেম্বর ৬ মাস বয়সী জমজ দুই সন্তানকে নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে যান মা আয়েশা। তাদের ঠান্ডাজনিত সদস্যা ছিল। পরে সন্তানদের জন্য এনআইসিইউ এর প্রয়োজন পড়ে। সোহরাওয়ার্দী হাসপাতালে এনআইসিইউ খালি ছিল না। এর পর আয়েশা দালাল চক্রের মাধ্যমে দুই সন্তানকে আমার বাংলাদেশ হাসপাতালে ভর্তি করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের ১ লাখ ১৬ হাজার টাকা বিলের প্রেক্ষিতে ৫০ হাজার ৫০০ টাকা জমা দেন আয়েশা। আরও টাকা জমা দেওয়ার কথা বললে তিনি কিছুটা সময় চান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তা মানতে রাজি হয়নি। ৬ জানুয়ারি এনআইসিইউ থেকে দুই শিশুকে বের করে দেওয়ার পর তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে এক শিশুর মৃত্যু হয় এবং অপর শিশু বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।