দেশের দুই বিমানবন্দরের টেস্টেও পাওয়া যাচ্ছে করোনা আক্রান্ত রোগী

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের হযরত শাহ্ আমানত বিমানবন্দরে স্থাপিত করোনা পরীক্ষার ল্যাবে প্রতিদিনই পাওয়া যাচ্ছে করোনায় আক্রান্ত রোগী। শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনাক্তের হার ৫ দশমিক ০৭ শতাংশ এবং  শাহ্ আমানত বিমানবন্দরে গত ৪৮ ঘণ্টায় শনাক্তের হার প্রায় ১০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ঢাকার বিমানবন্দরে স্থাপিত ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১২ জন। এখন পর্যন্ত সেখানে নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৯৬ হাজার ৫৮৪টি। তার মধ্যে শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯ জন।

অন্যদিকে চট্টগ্রাম বিমানবন্দরের চারটি ল্যাবে গত ৪৮ ঘণ্টায় ১ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে শনাক্ত হয়েছেন ১২০ জন। এখন পর্যন্ত ১০ হাজার ২১২টি নমুনা পরীক্ষা হয়েছে সেখানে। আর তার মধ্যে ৭৫৪ জন শনাক্ত হয়েছেন।