দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ৭৪৪ জন। এদের মধ্যে ২৪ হাজারের বেশি মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
অধিদফতর জানায়, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মোট ২৮ হাজার ৭৪৪ জনের মধ্যে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৪ হাজার ৩৮২ জন। আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩ হাজার ৫৪৬ জন। এ ছাড়া বাড়িতে মারা গেছেন ৭৮১ জন। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ৩৫ জনকে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে এখনও পর্যন্ত মৃতদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সীদের সংখ্যা বেশি।
করোনায় এই বয়সসীমার মানুষ মারা গেছেন ৮ হাজার ৯০১ জন। এরপর মৃত ৬ হাজার ৭৩৫ জনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। ৫ হাজার ১৩ জনের বয়স ছিল ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন ৩ হাজার ৩৮৬ জন। মৃত এক হাজার ৬৯৪ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ৮১ থেকে ৯০ বছরের মধ্যে মারা গেছেন এক হাজার ৬৭২ জন। ৬৭৪ জন মারা গেছেন ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৩৫৮ জন মারা গেছেন ৯১ থেকে ১০০ বছরের মধ্যে, ১৯৩ জন মারা গেছেন ১১ থেকে ২০ বছরের মধ্যে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা গেছে ৮৩ জন এবং ১০০ বছরের ঊর্ধ্ব বয়সের মারা গেছেন ৩৫ জন।
অধিদফতর জানিয়েছে, ২৮ হাজার ৭৪৪ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১২ হাজার ৬০৬ জন। চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৮০৩ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৬৮৩ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ১১ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৯৬ জন, সিলেট বিভাগে ১ হাজার ৩০৫ জন, বরিশাল বিভাগে ৯৬৪ জন এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৭৫ জন।