করোনা: গত সপ্তাহে মারা যাওয়া ৫৯ শতাংশই টিকা নেননি

ওমিক্রন তাণ্ডবে গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনায় মৃত্যু কিছুটা বেড়েছে। যারা মারা গেছেন তাদের শতকরা ৫৯ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (৭-১৩ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩০ জন। তার আগের সপ্তাহে (৩১ জানুয়ারি-৬ ফেব্রুয়ারি) মারা গিয়েছিলেন ২২৬ জন। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মৃত্যু বেড়েছে এক দশমিক আট শতাংশ।

গত সপ্তাহে মারা যাওয়া ২৩০ জনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেননি ১৩৭ জন। শতকরা হিসেবে যা ৫৯ দশমিক ছয় শতাংশ। টিকা নিয়েছিলেন ৯৩ জন।

অধিদফতর জানাচ্ছে, যে ৯৩ জন টিকা নিয়েছিলেন তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ২৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৬৩ জন। আর একজন নিয়েছিলেন বুস্টার তথা তৃতীয় ডোজ।

২৩০ জনের মধ্যে শতকরা ৬৭ দশমিক আট শতাংশ (১৫৬ জন) আগে থেকেই অন্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। এদের মধ্যে পুরুষ ১৫২ জন ও নারী ৭৮ জন।

এদের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন ৬২ শতাংশ। ৪৬ দশমিক দুই শতাংশ আক্রান্ত ছিলেন ডায়াবেটিসে, ২৭ দশমিক ছয় শতাংশ কিডনি রোগে, ২৩ দশমিক এক শতাংশ হৃদরোগে, ১২ দশমিক আট শতাংশ বক্ষব্যাধিতে, আট দশমিক তিন শতাংশ ক্যান্সারে, ছয় দশমিক চার শতাংশ গ্যাস্ট্রোলিভারজনিত রোগে, পাঁচ দশমিক আট শতাংশ স্ট্রোকে, তিন দশমিক আট শতাংশ নিউরোলজিক্যাল, বাত, রক্তজনিত রোগ, অন্যান্য রোগে এক দশমিক তিন শতাংশ ও শূন্য দশমিক ছয় শতাংশ মানুষ থাইরয়েডজনিত রোগে আক্রান্ত ছিলেন। মারা যাওয়া অনেকেই একাধিক রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে অধিদফতর।