ওমিক্রন তাণ্ডবের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে। ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমে দুই হাজারের নিচে এসেছে।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৮৭ জন। এর আগে গত ৯ জানুয়ারি দৈনিক রোগী দুই হাজারের নিচে ছিল। সেদিন অধিদফতর এক হাজার ৪৯১ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল। তারপর থেকে টানা ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত রোগী দুই হাজারের বেশি ছিল। অর্থাৎ, ২৬ দিন পর দৈনিক শনাক্ত রোগী নেমে এলো দুই হাজারের নিচে।
স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, দেশের ৬৪ জেলার মধ্যে ১০০ এর উপরে রোগী শনাক্ত হয়েছে দুই জেলায়। এর মধ্যে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছে এক হাজার ২৪৭ জন আর চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় শনাক্ত হয়েছেন ১১৩ জন।
বাকি ৬২ জেলার মধ্যে এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ৩৮ জেলায়, দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ২২ জেলায়।
আর গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়নি দুই জেলায়।