বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির উদ্যোগে চর্মরোগের আধুনিক রোগ নির্ণয়ের পদ্ধতির উপর দুদিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট ) রাজধানীর একটি হোটেলে এই কর্মশালার উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। এতে বক্তব্য রাখেন ভারতের চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বালাচন্দ্র এস অঙ্কদ ও ডা. সামিপা সমির মুখার্জি। কর্মশালায় দেশি-বিদেশি চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, নির্ভুল রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তির অবদান রয়েছে। রোগীদের কল্যাণে এই প্রযুক্তিকে কাজে লাগাতে প্রয়োজনীয় প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে একাডেমি অফ ডার্মাটোলজি এর উদ্যোগে আয়োজিত আজকের কর্মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, এ টু জেড ডারমোসকপি বিষয়ক কর্মশালায় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা চর্মরোগ বিষয়ক তরুণ চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। যা এদেশে চর্মরোগ চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উন্মোচন করবে।