১০ দিনে দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৪৪ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৫০ জন। এছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের। যার মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় মারা যান। এই মাসে এখন পর্যন্ত (গত ১০ দিনে) আক্রান্ত হয়েছেন দুই হাজার ২০৯ জন।

শনিবার  (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ২৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৮৪৯ জন। আর বাকি ১৭৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৭ হাজার ৩৩৫ জন।

আরও পড়ুন- ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের ঘোষণা ডিএনসিসি মেয়রের