ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, নতুন রোগী ৯০৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন তিন জন এবং নতুন রোগী ভর্তি হয়েছেন ৯০৮ জন। রবিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৭০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৭৬ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৪৩২ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৬৮ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকায় আছেন ২ হাজার ৪২ জন, আর বাকি এক হাজার ৩২৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ১০৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩৯ হাজার ৫৬৯ জন।