জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ১৪ দিন ধরে হৃদযন্ত্রের অস্ত্রোপচার (কার্ডিয়াক সার্জারি) বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নষ্ট হওয়ায় অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে। তবে এরইমধ্যে শেষ হয়েছে এসি মেরামত ও আইসিইউ জীবাণুমুক্ত করার কাজ। মঙ্গলবার (২ মে) অস্ত্রোপচার শুরু হতে পারে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১ মে) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখা যায়, ৩১ শয্যা এবং ৯ শয্যাবিশিষ্ট দুটি কার্ডিয়াক আইসিইউর মধ্যে বড় (৩১ শয্যা) আইসিইউটি বন্ধ। সেখানে কোনও রোগী বা রোগীর স্বজনদের দেখা যায়নি। আইসিইউর সামনে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, ভেতরে একজন রোগী আছে।
খোঁজ নিয়ে জানা যায়, বড় আইসিইউর এসিগুলোতে সমস্যা দেখা দেওয়ায় ১৮ এপ্রিল থেকে কার্ডিয়াক সার্জারি বন্ধ রয়েছে। এর মাঝে ঈদের ছুটি শুরু হয়। ছুটির শেষে আইসিইউ খোলা হলে দেখা যায় এসি কাজ করছে না। ফলে অস্ত্রোপচারের আগে রোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা যাচ্ছিল না। এতে রোগীদের অস্ত্রোপচারও বন্ধ থাকে।
তবে হাসপাতালের এসি মেরামতের দায়িত্ব গণপূর্ত অধিদফতরের। তারা সময় নেওয়ায় রোগীদের এই গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আইসিইউ কর্মীরা।
এ বিষয়ে হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মনজুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সব সমস্যার সমাধান হয়েছে। আগামীকাল থেকে আমরা রোগীদের অপারেশন করাতে পারবো।’