ডেঙ্গুতে একদিনে রোগী ভর্তির সংখ্যা দুই অঙ্কে নামলো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা রেকর্ড গড়েছিল বৃহস্পতিবার (১৫ জুন)। ওই দিন ২৮৫ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান একজন। এর পরদিন আজ শুক্রবার (১৬ জুন) হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা নেমেছে দুই অঙ্কে, ৩৯ জনে। এদিন ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৫ জন ঢাকার এবং ১৪ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৬২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৭৭৯ জন, আর বাকি ১৮৩ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ১২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ১৩৫ জন।

এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।