ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ৪৭৭ রোগী ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আরও ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর একদিনে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি। 

শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪০২ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৭৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৩৮ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৯১১ জন, আর বাকি ২২৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৬০৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪৩২ জন।

এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।