ডেঙ্গুতে ১০ মৃত্যু, ঢাকার বাইরে রোগী বেশি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃত্যু ৪২৬ জনে পৌঁছালো। এই দিনে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৯৮৪ জন। তাদের মধ্যে ৭৩১ জন ঢাকার। আর ঢাকার বাইরে ১ হাজার ২৫৩ জন। 

মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ১১৭ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতে ৪ হাজার ১০ জন, আর বাকি ৫ হাজার ১০৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৯ হাজার ৮৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৮০ হাজার ৩৩২ জন।