ডেঙ্গুতে মৃত্যু এক হাজার ছাড়ালো

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ছয় জনের মৃত্যু হলো।

রবিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৮৮২ জন। আক্রান্তদের মধ্যে ৬২৯ জন ঢাকার। দুই হাজার ২৫৩ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৩৫৭ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই তিন হাজার ১২০ জন। বাকি ছয় হাজার ২৩৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুই লাখ ছয় হাজার ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৯৫ হাজার ৯২৫ জন।