মানসিক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে ঢাবিতে ‘মেন্টাল ওয়েলনেস রান’

‘আমাদের মন, আমাদের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সবার মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে ঢাবিতে পালিত হলো ‘মেন্টাল ওয়েলনেস রান’।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের  টিএসসি এলাকা থেকে এই সচেতনতামূলক দৌড় শুরু হয়। এতে চিকিৎসক, দৌড়বিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সচেতনতামূলক দৌড়ের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস (বাপ), সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশ এবং ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটি। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল এসিআই ফার্মা।

মঙ্গলবার সকাল সোয়া ৬টায় টিএসসি থেকে এই দৌড় শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। ৫ কিলোমিটার এই দৌড় শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয় এক ঘণ্টা। প্রায় ২০০ দৌড়বিদ এতে অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারীদের রানিং টিশার্ট, স্ন্যাকসসহ পর্যাপ্ত হাইড্রেশন সহযোগিতা দেওয়া হয়।

এদিকে দৌড় শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে রেস ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটির অ্যাডমিন সাইফুল্লাহ সাদেকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাবি রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা মো. ইসতিয়াক উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশের ভাইস-প্রেসিডেন্ট ডা. হেলাল উদ্দিন আহমেদ, এসিআই ফার্মার ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ আজিজ উল্লাহ। অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ ম্যারাথনার ও সোয়ান ফোমের চেয়ারম্যান মো. খবীর উদ্দিন খান এবং গ্লোবাল ফার্মার প্রধান নির্বাহী আ. ক ম আহসান।

এছাড়া উদ্বোধনী বক্তব্য রাখেন ইউএস বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস-এর প্রেসিডেন্ট প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এমডি আজিজুল ইসলাম।

বক্তারা এ সময় মানসিক স্বাস্থ্য সচেতনতায় দৌড়ের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের খ্যাতনামা রানারদের দেখে আমরা আজকে অনুপ্রাণিত। আপনাদের দেখে তরুণরা অনুপ্রাণিত হবে। দেশে দৌড়ের মতো শরীর চর্চা নিয়মিত হয়ে উঠবে। নিয়মিত দৌড়ের ফলে মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত হয়।

প্রসঙ্গত, পৃথিবীর সব মানুষকে মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষভাবে সচেতন করতে ১৯৯২ সাল থেকে সারা বিশ্বে ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়।