ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৮ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২২৮ জন এবং এ সময়ের মধ্যে মারা গেছেন ৩ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৪ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৩০ জন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের ৮৫ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ১৯ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছিলেন। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৮১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে ৫২০ জন আর বাকি ৩৬১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের একজন বরিশাল বিভাগে, একজন খুলনা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছিলেন।