বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস উপলক্ষে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এবং এর সহপ্রতিষ্ঠান জামালপুরের এম এ রশিদ হসপিটাল ও ধানমন্ডির মেডিক্স দিনব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।
বুধবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দিবসটির শুরুতেই ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এবং জামালপুরের এম এ রশিদ হসপিটাল তাদের নিজ নিজ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ও মেডিক্যাল প্রফেশনালদের নিয়ে একটি র্যালি বের করে। অ্যানেস্থেসিয়ার গুরুত্ব বোঝাতে ও জনসচেতনতা বৃদ্ধির জন্য পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ক ভীতি দূর করার লক্ষ্যে চিকিৎসকরা নিজ নিজ এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। এতে অ্যানেস্থেসিয়া সম্পর্কিত ভুল ধারণাগুলো দূর হবে এবং সঠিক তথ্যটি সকলের জানা থাকবে বলে চিকিৎসকরা মনে করেন।
এছাড়াও ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড একটি বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার’র অ্যানেস্থেসিওলজি বিভাগের সহযোগী কনসালটেন্ট ডা. আশফাক বার চৌধুরী অ্যানেস্থেসিয়ার ইতিহাস, ব্যবহারের ব্যাপকতা ও এবারের বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবসের মূল প্রতিপাদ্য “ওয়ার্কফোর্স ওয়েলবিয়িং” নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্য সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকা।”
এই অনুষ্ঠানে অনলাইনে জামালপুরের এম এ রশিদ হসপিটাল ও ধানমন্ডির মেডিক্স থেকে অ্যানেস্থেসিয়া বিভাগসহ অন্যান্য বিভাগের ডাক্তার ও মেডিক্যাল প্রফেশনালরা যোগ দেন। অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মেজর জেনারেল আবু নাসের মো. ইলিয়াস (অব.), অ্যাসোসিয়েট ডিরেক্টর অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আজমল কাদের চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধান, বিশেষজ্ঞ চিকিৎসকরা ও মেডিক্যাল প্রফেশনালদের পাশাপাশি ইউনাইটেড মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল ওয়াকিল উপস্থিত ছিলেন।