চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন করা হয়েছে। গত ২০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিএমডিসি থেকে এ তথ্য জানা গেছে।
পুনর্গঠিত বিএমডিসি কাউন্সিলের সভা আজ সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সদস্যরা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন ও বিভিন্ন কমিটি গঠন করেন। কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন বিএসএমএমইউ’র পেড্রিয়াটিক সার্জারির সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম।
মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নং আইন) এর ধারা ৪ অনুযায়ী, নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল পুনর্গঠন করা হল।’
এর ফলে পদাধিকার বলে সদস্য হচ্ছেন— স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের পরিচালক, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জন্স-এর সভাপতি এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের চিকিৎসা অনুষদের ডিন।
এছাড়া সরকার কর্তৃক দেশের ৮টি বিভাগে দুইজন করে চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে দুইজন, দেশের ৮টি সরকারি মেডিকেল কলেজ থেকে ৮ জন, নির্বাচিত সরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক তিনজন, বেসরকারি মেডিক্যাল কলেজ হতে নির্বাচিত ৫ জন, সরকারি ডেন্টাল কলেজ হতে নির্বাচিত ১ জন, বেসরকারি ডেন্টাল কলেজ হতে নির্বাচিত ১ জন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কর্তৃক মনোনীত সদস্য ১ জন, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাকটিশনারস অ্যাসোসিয়েশন কর্তৃক মনোনীত সদস্য ১জন, অ্যাটর্নি জেনারেল কর্তৃক মনোনীত একজন আইনজীবী, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃক মনোনীত সোসাইটির একজন সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ৩ জন সদস্য , সরকার কর্তৃক মনোনীত নারী সদস্য ২ জন, বিশেষায়িত সরকারি মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান হতে নির্বাচিত ২ জনকে কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ৪ নং ধারা মোতাবেক পদাধিকার বলে অন্তর্ভুক্ত উপরোল্লিখিত ১-১৩ নং ক্রমিকের সদস্যরা ছাড়া এ কমিটির সব সদস্যের কার্যকাল এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ বছরের জন্য বলবৎ থাকবে।