গত বছরের (২০২৪) তুলনায় এ বছর ডেঙ্গু রোগী বেড়েছে। মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে । শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদারের সই করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।
এতে বলা হয়, গত বছর অর্থাৎ ২০২৪ সালে জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন, ফেব্রুয়ারিতে ৩৩৯, মার্চে ৩১১, এপ্রিলে ৫০৪, মে’তে ৬৪৪ জন, জুনে ৭৯৮ জন এবং জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জানুয়ারিতে ১৪ জন, ফেব্রুয়ারিতে ৩, মার্চে ৫, এপ্রিলে ২, মে’তে ১২, জুনে ৮ জন এবং জুলাইয়ে ১২ জন মারা গেছেন।
অপরদিকে, চলতি বছর জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে’তে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং ১৯ জুলাই পর্যন্ত ৬ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে’তে ৩ জন, জুনে ১৯ জন এবং ১৯ জুলাই পর্যন্ত ১৯ জন মারা গেছেন।
শনিবার (১৯ জুলাই) পর্যন্ত সারা দেশে ১৬ হাজার ৭৮৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৬২ জন।