সিএমএইচে আহতদের খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। এসময় তিনি সেখানে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

শনিবার (২৬ জুলাই) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বাস্থ্য উপদেষ্টা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে সিএমএইচ হাসপাতালে বিমান দুর্ঘটনায় আহত ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। উপদেষ্টা আহত প্রত্যেকের শয্যাপাশে গিয়ে তাদের চিকিৎসা ও সেবার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তিনি রোগীদের মনোবল বাড়ানোর জন্য কথা বলেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মানবিকভাবে মতবিনিময় করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আহতদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।”

তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবামূলক ভূমিকার প্রশংসা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।