ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা গভীর করতে ইচ্ছুক— এটি দুই দেশের মধ্যে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের ক্ষেত্রে একটি নতুন আলোচ্য বিষয় করে তুলবে এবং উভয় দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনবে।
রবিবার (৩১ আগস্ট) চীনের সহায়তায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ইয়াও বলেন, জাতীয় উন্নয়ন ও জনগণের কল্যাণে স্বাস্থ্যসেবা অত্যাবশ্যক। রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করা দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে একটি দৃঢ় পদক্ষেপ এবং এটি চীন-বাংলাদেশ চিকিৎসা সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
উপদেষ্টা নূরজাহান বেগম রোগীদের পুনর্বাসন ও বাংলাদেশের চিকিৎসার মান উন্নয়নে রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের অপরিহার্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সবচেয়ে সংকটময় সময়ে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে আরও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।