জনস্বাস্থ্য উন্নয়নে দেশে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি বলে মনে করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)। মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (মঙ্গলবার) পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬। শিশুর সঠিক সংখ্যা, বয়সভিত্তিক তথ্য এবং টিকাদানের আওতা প্রভৃতি সম্পর্কে নির্ভুল তথ্য না থাকলে স্বাস্থ্যখাতে সঠিক পরিকল্পনা নেওয়া ও বাস্তবায়ন সম্ভব হয় না। এমনকি, অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায়, যা সংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে তুলে। একইভাবে দেশে মৃত্যুর সংখ্যা ও কারণ সম্পর্কিত সঠিক তথ্য না থাকলে রোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া যায় না। বাংলাদেশে অর্ধেকেরও বেশি মানুষ এখনও নিবন্ধনের আওতার বাইরে রয়ে গেছে। একটি কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি।
এতে আরও বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক (সিআরভিএস) ব্যবস্থার অন্যতম মূলভিত্তি। শক্তিশালী সিআরভিএস ব্যবস্থা সরকারকে সঠিক ও হালনাগাদ তথ্য দেয়, যা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ ইতোমধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করে শতভাগ নিবন্ধনের দিকে এগিয়েছে। বাংলাদেশেও বিশেষ করে জন্ম নিবন্ধনের দায়িত্ব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর অর্পণ করা হলে অধিকাংশ শিশু স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় আসবে। পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে, যা স্বাস্থ্যখাতের পরিকল্পনা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।