স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ আইনিভাবে মোকাবিলা করা হবে: শিশির মনির

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো আদদ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ আইনিভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির লিগ্যাল টিমের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শনিবার (৬ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিশির মনির বলেন, আদদ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি তদন্ত প্রতিবেদন, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং আদদ্বীন হাসপাতালকে তারা ৭২ ঘণ্টার ভেতরে কারণ দর্শাতে বলেছেন যে, কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না। আগামীকাল বিকাল ৫টার মধ্যে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। ওটা যেহেতু একটা লিগ্যাল প্রসেস, এটি হাসপাতাল কর্তৃপক্ষ লিগ্যালি মোকাবিলা করবে।

তিনি বলেন, যে আইনের অধীনে তারা এই নোটিশ দিয়েছে, ওই আইন অনুযায়ী এটিকে মোকাবিলা করা হবে।