আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন

দেশে আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আগামী ২৮ জুন সারাদেশে একদিনের কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানও (আইপিএইচএন) বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই কোটি ৩৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আইপিএইচএন সূত্রে জানা গেছে, ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে দেশে এসেছে। আর এক থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য ক্যাপসুল ১৯ জুনের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্যাপসুল সংগ্রহের তিনটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সরকার ইউনিসেফের মাধ্যমে তা সংগ্রহ করেছে। পরবর্তী কর্মসূচি চার থেকে ছয় মাসের মধ্যে আয়োজন করা হবে।

আইপিএইচএনের পরিচালক ইউনুস আলী জানান, ছয় থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৯৪ জন শিশু এক ধরনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে। আর এক থেকে পাঁচ বছরের কম বয়সী দুই কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশু অন্য ধরনের ক্যাপসুল পাবে।

তিনি আরও জানান, দেশজুড়ে এক লাখ ২০ হাজার কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল বিতরণ করা হবে। এছাড়া ভ্রমণরত শিশুদের ক্যাপসুল দেওয়ার জন্য বাস ও ট্রেন স্টেশন এবং লঞ্চ টার্মিনালে প্রায় ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করা হবে।

সর্বশেষ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচি গত বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল। তবে তহবিলের অভাব এবং টেন্ডার প্রক্রিয়ায় ক্যাপসুল সংগ্রহে জটিলতার কারণে এক বছর পর আবারও এ কর্মসূচি শুরু হচ্ছে।