ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (৩০ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন।

রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, খুলনা বিভাগে ২৪৩ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ১২৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৬৮৩ জন। তাদের মধ্যে ৩২ হাজার ১৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ২ হাজার ৪০২ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৯৩ জন।