ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ১৮৭২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৪১ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন, খুলনা বিভাগে ৩১৬ জন, রংপুর বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, বরিশাল বিভাগে ১৯০ জন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৬৫ হাজার ৪৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬০ হাজার ৫৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭৪৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১৯৫ জন।