দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫২০ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে চলতি বছর সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে।