ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬১ জন, ময়মনসিংহে ৯৬, চট্টগ্রামে ২৪২, খুলনায় ৩০২, রাজশাহীতে ১৯৯, রংপুরে ৭৫, বরিশালে ২০৩ এবং সিলেটে ১৮ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৪ হাজার ২৯৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭৭৬ জন।

এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছে।