দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮ পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৫৪ জন, রাজশাহী বিভাগে ১৭০ জন, রংপুর বিভাগে ৭০ জন, বরিশাল বিভাগে ২১৫ জন এবং সিলেট বিভাগে ১৭ জন আক্রান্ত হয়েছেন।
অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ৩১৬ জন। এদের মধ্যে ৯৯ হাজার ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৭৯৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৩২১ জন।