হাম উপসর্গে প্রাণ গেলো আরও তিন জনের, আক্রান্ত ১৩৯৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৬ জন। 

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হাম উপসর্গে দেশে ১ হাজার ১৬৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৭২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের। মোট ১ হাজার ৩৯৬ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ১ হাজার ১৫৩ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ২১৯ জনের।