দেশে স্বাভাবিক প্রসব অর্ধেকের নিচে, অস্ত্রোপচার বাড়ছে কেন?

গত ঈদুল আজহার দুই দিন আগে সকাল পৌনে ৮টায় সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ফাহমিদ আহমেদ (ছদ্মনাম)। পুরো গর্ভকালীন সময়ে ওই হাসপাতালের একজন চিকিৎসকের অধীনেই ছিলেন তারা। এ সময় মা ও গর্ভের সন্তানের শারীরিক অবস্থাও ভালো ছিল। স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসবের মানসিক প্রস্তুতিও ছিল তাদের। কিন্তু হাসপাতালে ভর্তির পরপরই তাদের প্রশ্নের মুখে পড়তে হয়, ‘অপারেশন করতে এসেছেন?’

এমন প্রশ্নে প্রথমেই খটকা লাগে দম্পতির। তারা জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসব করানোর জন্যই হাসপাতালে এসেছেন। এরপর ভর্তি হওয়ার পর শুরু হয় নতুন অভিজ্ঞতা। কিছুক্ষণ পরপর গর্ভবতী মায়ের কাছে এসে হাসপাতালের সহকারী চিকিৎসকরা বলতে থাকেন, ‘নরমাল ডেলিভারি অনেক পেইনফুল’, ‘অনেক কষ্ট কিন্তু’, ‘ঝামেলা অনেক হবে’। একপর্যায়ে স্ত্রীর কাছে চিকিৎসকদের এমন কথাবার্তার প্রতিবাদ জানান তার স্বামী। তিনি বলেন, ‘আপনারা কেন এমন বলছেন? যেখানে আপনারা সাহস দেবেন, সেখানে উল্টো ভয় দেখাচ্ছেন।’

এর মধ্যেই চলতে থাকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা। একপর্যায়ে সহকারী চিকিৎসকরা জানান, গর্ভের সন্তান পেটের ওপরের দিকে উঠে গেছে। এ কারণে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করাতে হবে।

তবে এরপরও স্বাভাবিক প্রসবের আশা ছাড়েননি ওই দম্পতি। পুরো গর্ভকালীন সময়ে যে চিকিৎসকের অধীনে ছিলেন, তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে কথা বলেন তারা। কিন্তু তাতেও সমাধান মেলেনি। শেষ পর্যন্ত রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন ওই নারী।

অথচ শুরু থেকেই ওই চিকিৎসক বলেছিলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসবের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু দম্পতির অভিজ্ঞতা ছিল ভিন্ন। স্বাভাবিক প্রসবের মানসিক প্রস্তুতি নিয়ে হাসপাতালে গেলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মধ্য দিয়ে সন্তান জন্ম দিতে হয় ওই নারীকে।

এই দম্পতির অভিজ্ঞতা দেশের নারীদের সন্তান জন্মদানের সামগ্রিক চিত্রের একটি অংশ। প্রতিদিনই তাদের মতো অনেক নারীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিতে হচ্ছে। অর্থাৎ, দেশে সিজারিয়ান পদ্ধতিতে সন্তান প্রসবের হার বাড়ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফ পরিচালিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে মোট প্রসবের ৫১ দশমিক ৮ শতাংশই হচ্ছে সিজারিয়ান পদ্ধতিতে। গত এক যুগে এই হার বেড়েছে প্রায় তিন গুণ।

পরিসংখ্যানে বলা হয়, ২০১২–১৩ সালে দেশে সিজারিয়ানের হার ছিল ১৯ দশমিক ১ শতাংশ। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৬ শতাংশে। ২০২৫ সালে এই হার পৌঁছেছে ৫১ দশমিক ৮ শতাংশে।

সিজারিয়ানের হার শহর-গ্রাম ও অর্থনৈতিক অবস্থানভেদে ভিন্ন। শহরে এ হার ৫৬ শতাংশ, গ্রামে ৫০ শতাংশ। সবচেয়ে ধনী পরিবারের ৬৮ শতাংশ নারী সিজারিয়ানে সন্তান জন্ম দেন। চতুর্থ ধনী স্তরে এই হার ৫৭ শতাংশ, মধ্যম স্তরে ৫২ শতাংশ এবং সবচেয়ে দরিদ্র পরিবারে ৩৪ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, চিকিৎসাগত প্রয়োজন ছাড়া সিজারিয়ান করা উচিত নয়। বিশ্বজুড়ে সিজারিয়ানের হার বাড়লেও এর সঙ্গে স্বাস্থ্যগত সুফল বাড়েনি, বরং মা ও শিশুর ঝুঁকি বেড়েছে। সংস্থাটির মতে, জনসংখ্যাগতভাবে ১০ থেকে ১৫ শতাংশ সিজারিয়ানের হারই সবচেয়ে উপযোগী।

কেন বাড়ছে সিজারিয়ান

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. কিশ্বর সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, দেশে সিজারিয়ানের হার বাড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমে দেখতে হবে, বেসরকারি নাকি সরকারি খাতে এই হার বেশি বাড়ছে। বেসরকারি খাতের কিছু হাসপাতাল এখনও পুরোপুরি নজরদারির আওতায় আনা সম্ভব হচ্ছে না। কিছু সেন্টার ব্যবসায়িক উদ্দেশ্যেও পরিচালিত হয়। তবে সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমনটি বলা যাবে না। কিছু ক্ষেত্রে যথাযথ তদারকির অভাব থাকতে পারে।

তিনি বলেন, সিজারিয়ানের হার বাড়ার আরেকটি কারণ হলো, আগে যেসব মায়ের একবার সিজার হয়েছে, পরবর্তী সন্তান প্রসবের ক্ষেত্রেও তাদের সিজার করতে হচ্ছে। ফলে সংখ্যা বাড়ছে। আবার কিছু মা মনে করেন, তারা দুটি সন্তান নেবেন, তাই স্বাভাবিক প্রসবের কষ্ট করার প্রয়োজন নেই। এটিকে ম্যাটারনাল চয়েস বা মায়ের পছন্দ বলা হয়।

চিকিৎসকদের দিক থেকেও কিছু বিষয় বিবেচনায় রাখতে হয় উল্লেখ করে ডা. কিশ্বর সুলতানা বলেন, মা ও শিশুর নিরাপত্তা চিকিৎসকদের কাছে গুরুত্বপূর্ণ। নরমাল ডেলিভারি হলেই মা ও শিশু দুজন ভালো থাকবেন, এমন নিশ্চয়তা দেওয়া যায় না। স্বাভাবিক প্রসবের দীর্ঘ প্রক্রিয়াটিও বিবেচনায় রাখতে হয়। তারপরও চিকিৎসকরা স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। কিন্তু অনেক সময় রোগীর পক্ষ থেকে তা মানতে চাওয়া হয় না। আবার কোনও সমস্যা হলেই চিকিৎসকের ওপর দায় চাপানো হয়। কোনও চিকিৎসকই চান না, তার রোগীর খারাপ কিছু হোক। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসায় অবহেলা হয়েছে, সেটিও অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সব চিকিৎসককে দায়ী করাও ঠিক নয়।

দেশে সিজারিয়ানের হার বাড়ার ক্ষেত্রে রিপিট সিজারিয়ান সেকশনও বড় কারণ বলে জানান তিনি। একজন মায়ের একবার সিজার হলে পরবর্তী সন্তান প্রসবেও সিজার করা হচ্ছে। এমনকি তৃতীয় বা চতুর্থ সন্তান প্রসবের ক্ষেত্রেও সিজার করতে হচ্ছে। আগে দুবার সিজার হয়েছে, এখন আবার সন্তানসম্ভবা—এমন পরিস্থিতিতে তৃতীয়বারও সিজার করতে হবে বলে ধরে নেওয়া হয়। এভাবেই সংখ্যা বাড়ছে।

কখন সিজারিয়ান জরুরি, কখন স্বাভাবিক প্রসব সম্ভব

অধ্যাপক ডা. কিশ্বর সুলতানা বলেন, কোনও নারী চিকিৎসকের কাছে এসে নরমাল ডেলিভারি করতে চাইলে সেটি তার অধিকার। গর্ভাবস্থায় সবকিছু ভালো থাকলে তাকে সেভাবেই পরামর্শ দেওয়া হয়। নির্ধারিত তারিখ পর্যন্ত অপেক্ষা করা হয়। এরপরও প্রসবব্যথা না উঠলে আরও দুই থেকে চার দিন, এমনকি সাত দিন পর্যন্ত অপেক্ষা করে দেখা যেতে পারে। এ সময় শিশুর হার্টবিটও পর্যবেক্ষণ করা হয়।

তবে কিছু গর্ভাবস্থায় আগে থেকেই সতর্ক হতে হয় জানিয়ে তিনি বলেন, মায়ের রক্তচাপ অনেক বেড়ে গেলে, গর্ভের শিশুর অবস্থা খারাপ হয়ে গেলে, শিশুর হার্টবিট অস্বাভাবিক হলে কিংবা শিশু মায়ের পেটে পায়খানা করে দিলে জরুরি ভিত্তিতে প্রসব করাতে হয়। মায়ের রক্তক্ষরণ শুরু হলেও দ্রুত ব্যবস্থা নিতে হয়। এসব ক্ষেত্রে সিজারিয়ান করতে হয়। প্রসূতি সেবা চালু রয়েছে এমন হাসপাতালে সাধারণত ২৪ ঘণ্টা জরুরি সিজারিয়ানের ব্যবস্থা থাকে।

অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ফারহানা দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, চিকিৎসকরা স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। ইচ্ছা করে সিজার করা হয়, বিষয়টি এমন নয়। অনেক সময় রোগীরাও সিজার করতে চান। তবে স্বাভাবিক প্রসবের তুলনায় সিজার বেশি হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে।

তিনি বলেন, চিকিৎসাগত কারণে অনেক সময় সিজার করার প্রয়োজন হয়। যেমন, আগে সিজার হয়ে থাকলে, বাচ্চার অবস্থান ঠিক না থাকলে, গর্ভের পানি কমে গেলে, বাচ্চার নড়াচড়া কমে গেলে কিংবা মায়ের জরায়ুতে টিউমার থাকলে সিজার করতে হতে পারে। এ ধরনের ক্ষেত্রে আগে থেকেই পরিকল্পনা করে সিজার করা হয়, যাকে ইলেকটিভ সিজার বলা হয়। অন্যদিকে, প্রসবব্যথা শুরু হওয়ার পরও বিভিন্ন কারণে জরুরি ভিত্তিতে সিজার করতে হতে পারে। এগুলো সিজারের ইন্ডিকেশন বা চিকিৎসাগত কারণ। সবকিছু স্বাভাবিক থাকলে চিকিৎসকরা স্বাভাবিক প্রসবেরই চেষ্টা করেন।

ফারহানা দেওয়ান বলেন, বাচ্চার নিরাপত্তার কথা বিবেচনা করেও অনেক সময় সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাচ্চাকে ঠিকমতো পর্যবেক্ষণ করা না গেলে কিংবা তার অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা থাকলে চিকিৎসকরা উদ্বিগ্ন হন। অনেক সময় দেরিতে সিজার করলে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে। এসব কারণে বাচ্চার স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে সিজার করা হয়।

আদর্শ পরিস্থিতিতে প্রত্যেকটি হাসপাতালে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন এই চিকিৎসক। তাহলে প্রয়োজন হলে নবজাতককে সেখানে চিকিৎসা-সহায়তা দেওয়া সম্ভব। কিন্তু দেশে যতসংখ্যক প্রসব হয়, সে তুলনায় এনআইসিইউ সুবিধা অপ্রতুল। আবার অনেকের আর্থিক সামর্থ্য না থাকায় এই সেবা নেওয়া সম্ভব হয় না। সরকারি হাসপাতালগুলোতেও অনেক সময় শয্যা পাওয়া যায় না।

তিনি আরও বলেন, কিছু ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আগে থেকেই পরিকল্পনা করে সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। আবার কিছু ক্ষেত্রে জরুরি ভিত্তিতে সিজার করতে হয়। যেমন, রোগীর রক্তক্ষরণ শুরু হলে তা তাৎক্ষণিক জরুরি অবস্থা। এ ধরনের সিজার যেকোনও জায়গায় করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, এমন মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে সিজার করতে হয়।

বর্তমানে আরেকটি বিষয় বেশি দেখা যাচ্ছে, যেটিকে ম্যাটারনাল রিকোয়েস্ট বলা হয়। অর্থাৎ, মা নিজেই সিজার করতে চান। তিনি সরাসরি বলেন, স্বাভাবিক প্রসবের ব্যথা সহ্য করতে পারবেন না, তাই সিজার করাতে চান। এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেই দেখা যায়।

একজন মা স্বাভাবিক প্রসবের জন্য প্রস্তুত কি না, তা জানতে পুরো গর্ভাবস্থায় তাকে পর্যবেক্ষণে রাখা হয় বলে জানান অধ্যাপক ফারহানা দেওয়ান। নিয়মিত চেকআপের মাধ্যমে প্রসবের নির্ধারিত সময়ের কাছাকাছি এসে মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্য কোনও শারীরিক সমস্যা আছে কি না এবং বাচ্চার অবস্থান ঠিক আছে কি না, তা দেখা হয়। সবকিছু ঠিক থাকলে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা যায়। তবে মায়ের বয়স অনেক বেশি হলে কিংবা অন্য কোনও শারীরিক সমস্যা থাকলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।

প্রথম সন্তান সিজার হলেও দ্বিতীয় সন্তান হতে পারে নরমাল ডেলিভারিতে

প্রথম সন্তান সিজারে জন্ম নিলেও দ্বিতীয় সন্তান স্বাভাবিক প্রসবে হতে পারে বলে জানান অধ্যাপক ফারহানা দেওয়ান। তিনি বলেন, তবে প্রথম সন্তান কেন স্বাভাবিক প্রসবে হয়নি এবং কেন সিজার করতে হয়েছিল, তা জানতে হবে। চিকিৎসকরা প্রত্যেক রোগীর কাছেই বিষয়টি জানতে চান। কারও প্রসবব্যথা দীর্ঘ সময় ধরে চলেছিল, অথবা নির্ধারিত তারিখ পার হওয়ার পরও জরায়ুর মুখ খুলছিল না—এমন কারণ থাকলে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা যেতে পারে।

তিনি বলেন, আবার মায়ের পেলভিস বা যে পথ দিয়ে শিশুর জন্ম হয়, সেটি ছোট হলে নরমাল ডেলিভারির সম্ভাবনা থাকে না। রোগীর কাছ থেকে আগের ইতিহাস শোনার পাশাপাশি পুরোনো চিকিৎসার কাগজপত্র দেখেও বোঝার চেষ্টা করা হয়, কেন প্রথমবার সিজার করতে হয়েছিল। যদি এমন কোনও পুনরাবৃত্তিমূলক কারণ থাকে, যার কারণে পরবর্তী সন্তান প্রসবেও সিজার করতে হবে, তাহলে তা করতে হয়। কিন্তু সাময়িক কোনও কারণে সিজার করতে হয়ে থাকলে, যেমন শিশুর হার্টবিট কমে যাওয়া, পানি ভেঙে যাওয়া কিংবা শিশুর নাড়ি আগে বের হয়ে আসা, তাহলে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে নরমাল ডেলিভারির চেষ্টা করা যেতে পারে।

অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা, স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ

গত ৬ জুলাই বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত এক কর্মশালায় অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা কমানোর ওপর গুরুত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ১১ জুলাইয়ের মধ্যে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে বাধ্যতামূলকভাবে ডেলিভারি রুম স্থাপন করতে হবে। তা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

মন্ত্রী বলেন, দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বর্তমানে দেশের একটি শ্রেণি অতিমাত্রায় মুনাফাকেন্দ্রিক হয়ে পড়েছে। মানুষের কল্যাণ বা দেশের স্বার্থের চেয়ে অর্থ উপার্জনই তাদের প্রধান লক্ষ্য। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, একসময় দেশে অধিকাংশ সন্তান জন্ম নিত নরমাল ডেলিভারির মাধ্যমে। গ্রামাঞ্চলে অভিজ্ঞ দাইয়ের সহায়তায় নিরাপদে সন্তান প্রসবের দীর্ঘ ঐতিহ্য ছিল। এখন স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটলেও বাণিজ্যিক উদ্দেশ্যে অপ্রয়োজনীয় সিজারিয়ানের প্রবণতা বেড়েছে। শুরুতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার পর অনেক ক্ষেত্রে দালালচক্র ও কিছু চিকিৎসাকেন্দ্র পরিবারের সদস্যদের বিভিন্ন জটিলতার ভয় দেখায়। ‘অপারেশন না করলে মা কিংবা সন্তান বাঁচবে না’—এমন আশঙ্কা তৈরি করে সিজারিয়ানের সিদ্ধান্তে বাধ্য করা হয়। স্বাভাবিকভাবেই মা ও সন্তানের জীবন নিয়ে ঝুঁকি নিতে না চাওয়ায় পরিবারগুলো এই ফাঁদে পা দেয়।

কিছু বেসরকারি ক্লিনিক ও দালালচক্র গর্ভবতী নারীদের ভয়ভীতি দেখিয়ে সিজারিয়ান করাতে উদ্বুদ্ধ করছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। এই অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানান তিনি। একইসঙ্গে স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজারই নারী এবং তাদের অধিকাংশই মিডওয়াইফারি কর্মী হবেন।

সব মিলিয়ে দেশে সিজারিয়ানের হার বৃদ্ধির পেছনে চিকিৎসাগত প্রয়োজন, মায়ের পছন্দ, রিপিট সিজার, হাসপাতালের বাণিজ্যিক প্রবণতা এবং স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার বিষয়গুলো উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি গর্ভাবস্থার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। চিকিৎসাগত প্রয়োজন ছাড়া সিজারিয়ান এড়িয়ে স্বাভাবিক প্রসবের সুযোগ তৈরি এবং এ ক্ষেত্রে হাসপাতালগুলোর জবাবদিহি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।