দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭২ জন।
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২০৯ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ৩১৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪১৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৮ জনের। মোট ১ হাজার ৫৭২ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ১২ হাজার ৪০২ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনের। এ সময়ের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম শনাক্ত হয়েছে।