ডেঙ্গুতে প্রাণ গেলো আরও একজনের, আক্রান্ত ১৬৭৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ওই রোগী মারা যান। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৭৪ জন।

বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগের ২১৩ জন এবং  সিলেট বিভাগে ২১ জন আক্রান্ত হয়েছে।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন  ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন। এদের মধ্যে ১ লাখ ৬১ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৬১৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৫০৮ জন।