১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান শুরু

দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা প্রতিরোধক টিকাদান শুরু হলো। সোমবার (১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধনে অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাদের উপস্থিতিতে নবম শ্রেণির ছাত্রী মাহজাবিন তমা ও আরেক শিক্ষার্থী তাহসান হোসেনকে টিকা দেওয়া হয়।

মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানীর আটটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। মতিঝিল ও রমনা এলাকার শিক্ষার্থীরা মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকা নিচ্ছে। 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আগামীকাল থেকে রাজধানীর অন্য কেন্দ্রগুলোতে প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমে ডা. দীপু মনি, জাহিদ মালেক ও অন্যরা (ছবি: সাজ্জাদ হোসেন)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এবং দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ২৭ অক্টোবর সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাংবাদিকদের জানিয়েছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে শিক্ষার্থীদের তালিকা পাওয়ার পর সুরক্ষা অ্যাপ্লিকেশনে নিবন্ধনের জন্য আইসিটি মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। নিবন্ধনের বাকি প্রক্রিয়া সম্পন্ন করবে সংশ্লিষ্ট স্কুল। প্রতিদিন ১২-১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা দেওয়া হবে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম (ছবি: সাজ্জাদ হোসেন)

জানা গেছে, ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০-৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এক্ষেত্রে আল্ট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হয়। আর পরিবহনের জন্য দরকার থার্মাল শিপিং কন্টেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান। ফলে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষ রয়েছে সেগুলোকেই কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। 

গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১২০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়।