করোনায় ৭০ শতাংশ মৃত্যু ৫১ থেকে ৮০ বছর বয়সীদের

করোনাতে দেশে এখন পর্যন্ত ( ৫ মার্চ) মোট মারা গেছেন ২৯ হাজার ৭৭ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৫০ ঊর্ধ্বদের।

রবিবার ( ৬ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অসংক্রামক রোগ বিভাগের প্রধান ও অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

অধ্যাপক রোবেদ আমিন বলেন, ৫১ থেকে ৮০ বছর বয়সীদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মৃত্যু হয়েছে। এর মানে এই নয় যে, ৫০ বছরের নিচে মৃত্যু নেই। সব বয়সীদের করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে প্রায় ১১ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচ দশমিক ৮২ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই দশমিক ৩৫ শতাংশ মৃত্যুবরণ করেছেন। তবে ৮০ বছরের ওপরে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যুর হার সেভাবে দেখা যায়নি, বলেন তিনি।

হাসপাতালগুলোতে রোগী কমছে জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ঢাকা শহরে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে মোট পাঁচ হাজার ৫৯টি শয্যা রয়েছে, এর মধ্যে এখন খালি আছে চার হাজার ৬৬৬টি।

আর পুরো দেশের বিভিন্ন জেলায় ১৩ হাজার ৭৩৫টি শয্যার মধ্যে ১২ হাজার ৯৩৭টি শয্যা খালি রয়েছে।

করোনাতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর মধ্যে ঢাকাতেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকায় মৃত্যু ৪৩ দশমিক ৯১ শতাংশ, চট্টগ্রামে ২০ দশমিক ১৫, খুলনায় ১২ দশমিক ৭৭, রাজশাহীতে ৭ দশমিক ৩৬, রংপুরে ৪ দশমিক ৮৭, সিলেটে ৪ দশমিক ৫৫, বরিশালে ৩ দশমিক ৩৭ ও ময়মনসিংহে ৩ শতাংশ।