৫২ জেলায় নতুন শনাক্ত নেই

দেশে করোনার প্রকোপ কমার ধারাবাহিকতা অব্যাহত। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে এখন করোনা পরিস্থিতি অত্যন্ত স্বস্তিকর অবস্থায় রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় (২৯ মার্চ সকাল ৮টা থেকে ৩০ মার্চ সকাল ৮টা) তার আগের দিনের তুলনায় নতুন শনাক্ত এবং মৃত্যু বেড়েছে।

অধিদফতরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৭২ জন, যা আগের দিন ছিল ৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন, আগের দিন একজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ৭২ জনের মধ্যে দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে এক জেলায়, এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ১১ জেলায় আর বাকি ৫২ জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি।

অধিদফতরের তথ্য মতে, দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায়; ৫৮ জন। বাকি ৬৩ জেলার মধ্যে এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ১১ জেলায় আর বাকি ৫২ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ শনাক্ত হয়নি।

এদিকে, দেশে করোনা পরিস্থিতি ‘অত্যন্ত স্বস্তিদায়ক’ অবস্থায় আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না এবং মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। সেই সঙ্গে যারা এখনও টিকা নেননি, তাদেরকে টিকা নিতেও আহ্বান জানিয়েছে অধিদফতর।

অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, গত চার সপ্তাহেরও বেশি সময় ধরে দেশ এক ধরনের স্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পুরো বিশ্বেই করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। বাংলাদেশও ব্যতিক্রম নয়।

দেশের গত দুই সপ্তাহের সংক্রমণ পরিস্থিতির দিকে তাকালে দেখা যাবে সংক্রমণের গ্রাফ অব্যাহতভাবেই নিম্মমুখী এবং ২৬ মার্চ সর্বশেষ শনাক্তের হার এক শতাংশের নিচেই রয়েছে।