৫৬ জেলায় নতুন শনাক্ত নেই

দেশে করোনা ভাইরাস সংক্রমণের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (১ এপ্রিল সকাল ৮টা থেকে ২ এপ্রিল সকাল ৮টা) করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সেই সঙ্গে আগের দিনের চাইতে কমেছে নতুন শনাক্ত ও শনাক্তের হার।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬ জন। আর এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, যে ৫৬ জন নতুন করে শনাক্ত হয়েছেন তাদের মধ্যে দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন এক জেলায় আর এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন সাত জেলায়। অর্থাৎ, দেশের বাকি ৫৬ জেলায় এ সময়ে নতুন করে কেউ শনাক্ত হয়নি।

অধিদফতরের তথ্য মতে, দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় ৪৭ জন। এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর ও গাজীপুরে, ময়মনসিংহ বিভাগের শেরপুরে, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, ফেনী ও চাঁদপুরে আর রংপুর বিভাগের দিনাজপুর জেলায়।

এছাড়া দেশের বাকি ৫৬ জেলায় করোনাতে নতুন করে কেউ শনাক্ত হয়নি।

এদিকে, দেশে করোনা পরিস্থিতি ‘অত্যন্ত স্বস্তিদায়ক’ অবস্থায় আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না এবং মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। সেই সঙ্গে যারা এখনও টিকা নেননি, তাদেরকে টিকা নিতেও আহ্বান জানিয়েছে অধিদফতর।

অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, গত চার সপ্তাহেরও বেশি সময় ধরে দেশ এক ধরনের স্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পুরো বিশ্বেই করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। বাংলাদেশও ব্যতিক্রম নয়।

দেশে গত দুই সপ্তাহের সংক্রমণ পরিস্থিতির দিকে তাকালে দেখা যাবে—সংক্রমণের গ্রাফ অব্যাহতভাবেই নিম্নমুখী এবং তা গত ২৬ মার্চ শনাক্তের হার এক শতাংশের নিচেই রয়েছে।