পাঁচ বিভাগে নতুন শনাক্ত নেই

দেশে করোনা পরিস্থিতির নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন শনাক্ত আরও কমেছে। মৃত্যু শূন্য রয়েছে আগের তিন দিনের মতোই। যদিও নমুনা পরীক্ষার বিপরীতে বেড়েছে শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১৪ এপ্রিল সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৭ জন। গতকাল (১৪  এপ্রিল) ৩৫ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল। গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার মতোই কারও মৃত্যু হয়নি।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যে ২৭ জন নতুন করে শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ২০ জনই ঢাকা বিভাগের। আর ২০ জনের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরসহ ঢাকা জেলার।

অধিদফতর জানাচ্ছে, বাকি রোগীদের মধ্যে এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে পাঁচ জেলায়। তার মধ্যে ঢাকা বিভাগের গাজীপুর ও নরসিংদী জেলায় শনাক্ত হয়েছেন দুই জন করে।

চট্টগ্রাম বিভাগের বান্দরবানে একজন আর চাঁদপুরে চার জন আর সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন দুই জন।

গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া বাকি পাঁচ বিভাগে নতুন করে কেউ শনাক্ত হয়নি।