ভোজনরসিকদের জন্য চার ক্যারিয়ার

ভোজনরসিকরা কেবল খেতেই ভালোবাসেন না, বরং শয়নে-স্বপনে তারা খাবারের সঙ্গেই থাকতে চান। একটু খাবার চেখেই তারা বলে দিতে পারেন খাবারটি সুস্বাদু হয়েছে কিনা, কিংবা এতে কীসের ঘাটতি আছে। তাদের জন্যই আছে বিশেষ কিছু ক্যারিয়ার।

 

ফুড স্টাইলিস্ট

খাবার শুধু খেতে সুস্বাদু হলে চলবে না, পরিবেশনেও সুন্দর হওয়া প্রয়োজন। ফুড স্টাইলিস্টরা ঠিকই জানেন পরিবেশনের ওপরও নির্ভর করে ভালো একটি রেস্তরাঁর বিক্রি ও সুনাম। বড় হোটেল রেস্তরাঁয় তো সরাসরি কাজের সুযোগ আছেই, আবার ফুডোগ্রাফি (খাবারের ফটোগ্রাফি), থেকে শুরু করে পত্রিকায় খাবার বিষয়ক নিবন্ধ বা বিজ্ঞাপনের নকশা তৈরিও করেন।

 

পুষ্টিবিদ

এর জন্য চাই বিস্তর পড়াশোনা। আর একবার সুনাম অর্জন করতে পারলেই দেখবেন কাজের চাপ সামলাতে পারছেন না। শিশু-প্রাপ্তবয়স্ক, সুস্থ-রোগী সবাইকেই যেতে হয় পুষ্টিবিদের কাছে। আজকাল আবার অনেকে ব্যক্তিগত মিল-ডিজাইনও করে থাকেন। কার জন্য কেমন খাবার চাই, কার কী খাওয়া ঠিক হবে না- খাবার নিয়েই কেটে যাবে সারাবেলা।

 

ফুড ব্লগার ও ভ্লগার

ঘুরে ঘুরে খাও, লেখো, ভিডিও করো আর আয় করো। মনে হবে এক স্বর্গীয় ক্যারিয়ার যেন। নানা পদের খাবার খেয়ে নিজের ও অন্যের অনুভূতির কথা জানান ফুড ব্লগাররা। সেটা তুলে ধরেন বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে। অবশ্য একজন দক্ষ ফুড ব্লগার হতে হলে আপনাকে খাবার ও এর উপাদান সম্পর্কে বেশ ভালো জ্ঞান থাকতে হবে।

 

শেফ

অনেক খাদ্যপ্রেমীদের স্বপ্ন একটি দুর্দান্ত রেস্তোরাঁর প্রধান শেফ হওয়া। একজন ভাল শেফ হওয়ার মূলমন্ত্র হলো ভালবাসার সঙ্গে রান্না করা, ঠিক যেমনটা আপনি পরিবারের আপনজনদের জন্য করবেন।