আহসানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল সফটস্কিল ওয়ার্কশপ। মঙ্গলবার ( ৩১ মে) বিশ্ববিদ্যালয়ের ভিসি সেমিনার হলে স্কিলশপারের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ওয়ার্কশপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের উপস্থিতিতে তিন শতাধিক শিক্ষার্থী এই সফট স্কিল ওয়ার্কশপে অংশ নেন। স্কিল শপারের প্রজেক্ট ম্যানেজার জিসা ইসলাম সফট স্কিলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। সফট স্কিল ট্রেইনার মো: আরিফুল ইসলাম ওয়ার্কশপটি পরিচালনা করেন। এসময় তিনি শিক্ষার্থীদের জন্য সফট স্কিলের প্রয়োজনীয়তা, বিভিন্ন সফট স্কিল, সিভি রাইটিং, টিম ওয়ার্ক ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন অ্যাক্টিভিটিতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। সবশেষে কুইজের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী নির্ধারণ করা হয় এবং পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্ব দিবে বিশ্ববিদ্যলয়গুলো। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের স্কিল তৈরী করতে হবে। পড়াশোনার পাশাপাশি এই সফট স্কিলগুলো তৈরি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর পরিচালক মো: সাইদুর রহমান তার বক্তব্যে ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির মধ্যে সমন্বয়ের বিষয়ে আলোচনা করেন। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তিনি।
সমাপনী বক্তব্যে আমরাই ডিজিটাল বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং স্কিলশপের প্রতিষ্ঠাতা লিয়াকত হুসাইন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী তরুণদের বিভিন্ন স্কিল উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামীতে এই ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি) সঙ্গে একযোগে কাজ করে যাবেন।
অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানের সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: মুহাম্মদ ফাজলী ইলাহী, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: মাহবুবুর রহমানসহ অনেকে।