বর্তমান সময়ে চাকরির আবেদন প্রক্রিয়ার বড় একটি অংশই অনলাইনে সম্পন্ন হচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও গণমাধ্যম অনেক ক্ষেত্রেই এখন ই-মেইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। ফলে একটি ই-মেইলই অনেক সময় নিয়োগদাতার কাছে একজন প্রার্থীর প্রথম পরিচয় হয়ে ওঠে।
মানবসম্পদ বিশেষজ্ঞদের মতে, একটি ভালো সিভি যেমন চাকরির আবেদনের গুরুত্ব বাড়ায়, তেমনি আবেদন পাঠানোর ই-মেইলও একজন প্রার্থীর পেশাদারিত্ব, যোগাযোগ দক্ষতা এবং কাজের প্রতি মনোভাব তুলে ধরে। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় শুধু ই-মেইল পাঠানোর ক্ষেত্রে অসতর্কতার কারণে আবেদনটি কাঙ্ক্ষিত গুরুত্ব পায় না।
ই-মেইলে বানান ভুল, অস্পষ্ট বিষয় (সাবজেক্ট), ভুল ফাইল সংযুক্ত করা, অসম্পূর্ণ তথ্য কিংবা অপেশাদার ভাষার ব্যবহার নিয়োগদাতার কাছে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই চাকরির আবেদন পাঠানোর আগে ই-মেইলের প্রতিটি বিষয় ভালোভাবে যাচাই করা জরুরি।
একটি পেশাদার ও গ্রহণযোগ্য চাকরির আবেদন ই-মেইল পাঠানোর আগে যেসব বিষয় মনে রাখা প্রয়োজন, সেগুলো তুলে ধরা হলো।
১. পেশাদার ই-মেইল ঠিকানা ব্যবহার করুন
নিয়োগদাতার কাছে ই-মেইল ঠিকানাই আপনার প্রথম পরিচয়। তাই নিজের নাম বা নামের কাছাকাছি একটি পরিচ্ছন্ন ই-মেইল ঠিকানা ব্যবহার করা ভালো। এটি দেখেই নিয়োগদাতা আপনার সম্পর্কে একটি প্রাথমিক ধারণা তৈরি করেন।
অন্যদিকে ডাকনাম, অপ্রাসঙ্গিক শব্দ, অতিরিক্ত সংখ্যা বা হাস্যরসাত্মক নামযুক্ত ই-মেইল ঠিকানা ব্যবহার করা পেশাদার পরিবেশে ভালো বার্তা দেয় না। চাকরির জন্য নিয়মিত আবেদন করার পরিকল্পনা থাকলে শুরুতেই একটি আলাদা পেশাদার ই-মেইল ঠিকানা তৈরি করে নেওয়া বুদ্ধিমানের কাজ।
২. এক নজরেই উদ্দেশ্য বোঝা যায় এমন বিষয় (সাবজেক্ট) লিখুন
অনেক আবেদনকারী বিষয়ের ঘর ফাঁকা রেখে অথবা শুধু ‘সিভি’ লিখে ই-মেইল পাঠান। এতে নিয়োগদাতার জন্য আবেদনটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
সব সময় প্রতিষ্ঠানের নির্দেশনা অনুসরণ করুন। যদি নির্দিষ্ট কোনও বিষয় উল্লেখ করতে বলে তাহলে সেটিই ব্যবহার করুন। নির্দেশনা না থাকলে আবেদন করা পদের নাম উল্লেখ করে সংক্ষিপ্ত ও স্পষ্ট একটি বিষয় লিখুন। এতে ই-মেইলটি খুঁজে পাওয়া এবং আলাদা করা সহজ হয়।
৩. সরাসরি মূল কথায় না গিয়ে সম্ভাষণ দিয়ে শুরু করুন
ই-মেইল শুরু করার সময় ভদ্র সম্ভাষণ ব্যবহার করা একটি ভালো অভ্যাস। এটি শুধু সৌজন্য নয়, আপনার পেশাদার মনোভাবও প্রকাশ করে।
যদি নিয়োগদাতার নাম জানা থাকে, তাহলে তাকে উদ্দেশ্য করে সম্ভাষণ লিখতে পারেন। নাম জানা না থাকলে সাধারণ পেশাদার সম্ভাষণ ব্যবহার করাই যথেষ্ট। শুরু থেকেই সম্মানজনক ভাষা ব্যবহার করলে পুরো লেখাটির গ্রহণযোগ্যতা বাড়ে।
৪. ই-মেইলের মূল অংশ সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল রাখুন
অনেকেই ই-মেইলের মধ্যেই পুরো জীবনবৃত্তান্ত লিখে দেন। আবার কেউ শুধু একটি লাইন লিখে সংযুক্তি পাঠিয়ে দেন। দুই ক্ষেত্রই এড়িয়ে চলা উচিত।
সংক্ষেপে নিজের পরিচয় দিন, কোন পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করুন এবং কেন আবেদন করছেন সেটি এক বা দুই অনুচ্ছেদে লিখুন। বিস্তারিত তথ্য সিভিতে থাকবে, তাই ই-মেইলটি হওয়া উচিত পরিচ্ছন্ন, সংক্ষিপ্ত এবং সহজপাঠ্য।
৫. সিভি ও অন্যান্য নথির ফাইলের নাম গুছিয়ে লিখুন
‘নতুন সিভি’, ‘ফাইনাল’, ‘সর্বশেষ’ বা ‘ডকুমেন্ট’ ধরনের ফাইলের নাম নিয়োগদাতার জন্য বিভ্রান্তিকর হতে পারে।
ফাইলের নামে নিজের নাম এবং প্রয়োজনে পদের নাম উল্লেখ করুন। এতে শত শত আবেদনের মধ্যেও আপনার নথি সহজে শনাক্ত করা যায়। পাশাপাশি সব নথি পিডিএফ আকারে পাঠানো হলে ফরম্যাট পরিবর্তনের ঝুঁকিও কম থাকে।
৬. সঠিক নথি সংযুক্ত হয়েছে কি না, একাধিকবার যাচাই করুন
চাকরির আবেদন পাঠানোর সময় সবচেয়ে বেশি হওয়া ভুলগুলোর একটি হলো ভুল ফাইল সংযুক্ত করা। অনেকেই পুরোনো সিভি, অসম্পূর্ণ নথি কিংবা একেবারেই অন্য কোনও ফাইল পাঠিয়ে দেন। আবার কেউ কেউ সংযুক্তি দিতে ভুলেই যান।
ই-মেইল পাঠানোর আগে নিশ্চিত হয়ে নিন, সঠিক সিভি, প্রয়োজনীয় সনদপত্র বা অন্য নথিগুলো সংযুক্ত হয়েছে কি না। ফাইলটি খুলে দেখা যাচ্ছে কি না, সেটিও একবার পরীক্ষা করে নেওয়া ভালো।
৭. বানান, ভাষা ও তথ্য ভালোভাবে যাচাই করুন
অনেক সময় একটি ছোট বানান ভুলও প্রথম ধারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়া অসম্পূর্ণ বাক্য বা ভুল তথ্য থাকলে সেটি আবেদনকারীর মনোযোগ ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে।
তাই ই-মেইল লেখার পর অন্তত একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখুন। নিজের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, আবেদন করা পদের নাম এবং প্রতিষ্ঠানের নাম ঠিকভাবে লেখা হয়েছে কি না, তা নিশ্চিত করুন।
৮. একই ই-মেইল বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানোর সময় সতর্ক থাকুন
একাধিক প্রতিষ্ঠানে আবেদন করার সময় অনেকেই একই ই-মেইল ব্যবহার করেন। তাই প্রায়ই দেখা যায়, একটি প্রতিষ্ঠানের জন্য লেখা ই-মেইলে অন্য প্রতিষ্ঠানের নাম থেকে যায়। এমন ভুল আবেদনকারীর অসাবধানতা প্রকাশ করে এবং অনেক ক্ষেত্রে আবেদনটি আর গুরুত্ব পায় না।
সে কারণে মেইল পাঠানোর আগে প্রতিটি প্রতিষ্ঠানের নাম, পদের নাম এবং প্রাসঙ্গিক তথ্য ঠিকভাবে পরিবর্তন করা হয়েছে কি না, তা অবশ্যই দেখে নিতে হবে।
৯. ই-মেইলের শেষে ভদ্রভাবে ধন্যবাদ জানান
ই-মেইলের শেষ অংশটিও সমান গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্তভাবে ধন্যবাদ জানিয়ে সাক্ষাৎকারের সুযোগ পেলে আনন্দিত হবেন, এমন একটি বাক্য যোগ করা যেতে পারে।
এরপর নিজের পূর্ণ নাম, মোবাইল নম্বর এবং প্রয়োজন হলে লিংকডইন প্রোফাইলের ঠিকানা উল্লেখ করুন। এতে নিয়োগদাতার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করা সহজ হয়।
১০. পাঠানোর আগে একবার নয়, প্রয়োজনে দুবার যাচাই করুন
ই-মেইল পাঠানোর আগে কয়েক মিনিট সময় নিয়ে পুরো বিষয়টি আবার দেখে নেওয়া উচিত।
নিশ্চিত করুন যে—
- সঠিক পদের জন্য আবেদন করা হয়েছে।
- বিষয় (সাবজেক্ট) ঠিক আছে।
- সংযুক্তি সঠিক।
- বানানে ভুল নেই।
- যোগাযোগের তথ্য হালনাগাদ।
- ই-মেইলের ভাষা ভদ্র ও পেশাদার।
অনেক মানবসম্পদ বিশেষজ্ঞের মতে, আবেদন পাঠানোর আগে শেষবার যাচাই করার অভ্যাসই অনেক সাধারণ ভুল এড়াতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের পরামর্শ
নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিশেষজ্ঞের মতে, প্রতিটি আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রস্তুত করা, নির্দেশনা ভালোভাবে পড়া এবং তাড়াহুড়ো করে ই-মেইল না পাঠানো। একই সঙ্গে সিভি, ই-মেইল এবং অন্যান্য নথির মধ্যে তথ্যের মিল রয়েছে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি।
শেষ কথা
বর্তমান চাকরির বাজারে প্রতিটি আবেদনই গুরুত্বপূর্ণ। একটি ভালো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার পাশাপাশি আবেদন উপস্থাপনের ধরনও নিয়োগদাতার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
তাই ই-মেইল পাঠানোর সময় বিষয় নির্বাচন থেকে শুরু করে ভাষা, বানান, সংযুক্তি এবং যোগাযোগের তথ্য, প্রতিটি বিষয়েই যত্নশীল হওয়া উচিত। ছোট ছোট এই অভ্যাসগুলো শুধু একটি আবেদনকে আরও পেশাদার করে তোলে না, বরং প্রথম ধাপেই ইতিবাচক ধারণা তৈরি করতেও সাহায্য করে।
মনে রাখতে হবে, চাকরির আবেদন শুধু একটি সিভি পাঠানোর বিষয় নয়। এটি নিজেকে একজন দায়িত্বশীল, সচেতন এবং পেশাদার প্রার্থী হিসেবে উপস্থাপনেরও একটি সুযোগ। সেই সুযোগটি যেন কোনো ছোট ভুলের কারণে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখাই বুদ্ধিমানের কাজ।