বিশ্বে বর্তমানে ১ নম্বর ট্রেন্ডিংয়ে কোন চাকরি, এটিতে ক্যারিয়ার গড়ার উপায় কী

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে চাকরির বাজার প্রতিনিয়ত বদলে যাচ্ছে। স্বয়ংক্রিয়করণ ও প্রযুক্তিগত রূপান্তরের কারণে নতুন নতুন পেশার চাহিদা তৈরি হচ্ছে বিশ্বজুড়ে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং বৈশ্বিক পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ১ নম্বর ট্রেন্ডিং ও সবচেয়ে দ্রুত বর্ধনশীল চাকরি হলো ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিশেষজ্ঞ।

স্বাস্থ্য খাত, ব্যাংক ও অর্থায়ন, ই-কমার্স কিংবা শিক্ষা— সব জায়গাতেই এআই প্রযুক্তির ব্যবহার বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে বিশ্বজুড়ে চাহিদার তুলনায় এই খাতে দক্ষ পেশাদারের সংখ্যা অত্যন্ত কম; যার ফলে এটি বর্তমানে সবচেয়ে লোভনীয় ও সম্ভাবনাময় ক্যারিয়ার ক্ষেত্র হিসেবে উঠে এসেছে।

এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞ হিসেবে ক্যারিয়ার গড়ার সহজ ধাপ

আপনার যদি গণিত, বিশ্লেষণাত্মক চিন্তা এবং প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ থাকে, তবে সঠিক কৌশল অবলম্বন করে খুব সহজেই এই ট্রেন্ডিং পেশায় ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। নিচে ক্যারিয়ার গড়ার মূল ধাপগুলো আলোচনা করা হলো।

প্রোগ্রামিং ভাষা শেখা

এআই ও মেশিন লার্নিংয়ের মূল ভিত্তি হলো প্রোগ্রামিং। ক্যারিয়ার শুরু করার জন্য প্রথমে পাইথন ভাষাটি ভালোভাবে আয়ত্ত করুন। এছাড়া প্রয়োজনে আর, সি++ বা জাভা প্রোগ্রামিং শিখতে পারেন।

গণিত ও পরিসংখ্যানের মৌলিক বিষয় শক্তিশালী করা

মেশিন লার্নিং অ্যালগরিদম বোঝার জন্য গণিত ও পরিসংখ্যানের ভালো দখল থাকা জরুরি।

মেশিন লার্নিং ও এআই অ্যালগরিদম আয়ত্ত করা

কোডিংয়ের মৌলিক দক্ষতা অর্জনের পর মেশিন লার্নিংয়ের বিভিন্ন অ্যালগরিদম (যেমন: রিগ্রেশন, ক্লাসিফিকেশন, নিউরাল নেটওয়ার্কস শেখা শুরু করুন। পাশাপাশি টেনসরফ্লো, পাইটর্চ, সাইকিট-লার্নের মতো জনপ্রিয় ফ্রেমওয়ার্কগুলোর কাজ শিখতে হবে।

বাস্তব প্রজেক্ট তৈরি ও পোর্টফোলিও গঠন

কেবল তাত্ত্বিক জ্ঞান দিয়ে ভালো চাকরি পাওয়া সম্ভব নয়। ক্যাগল বা গিটহাবের মতো প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বিভিন্ন ডেটাসেট নিয়ে কাজ করুন এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট তৈরি করুন। আপনার তৈরি প্রজেক্ট দিয়ে একটি চমৎকার পোর্টফোলিও গড়ে তুলুন, যা ক্লায়েন্ট বা ইন্টারভিউ বোর্ডে প্রদর্শনের কাজ করবে।

প্রফেশনাল ডিগ্রি বা অনলাইন সার্টিফিকেশন

কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্সে প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলে ভালো, তবে বাধ্যতামূলক নয়। বর্তমানে কর্সেরা, ইডিএক্স, বা ইউডাসিটির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গুগল, আইবিএম বা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়র পেশাদার এআই কোর্স সম্পন্ন করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট অর্জন করা যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব সবে শুরু হয়েছে। নিয়মিত নতুন নতুন টুলস ও অ্যালগরিদমের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারলে এআই ও মেশিন লার্নিং ফিল্ডে দীর্ঘমেয়াদি এবং আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তোলা পুরোপুরি সম্ভব।