একটি ই-মেইলও বদলে দিতে পারে আপনার ক্যারিয়ার, কীভাবে?

ক্যারিয়ারে বড় সুযোগ সব সময় সরাসরি চাকরির বিজ্ঞপ্তি কিংবা সাক্ষাৎকারের মাধ্যমে আসে না। কখনো একটি সংক্ষিপ্ত ই-মেইলই তৈরি করে দিতে পারে নতুন পরিচয়, সাক্ষাতের সুযোগ কিংবা কাঙ্ক্ষিত চাকরির দরজা। বিশেষ করে বর্তমান সময়ে নিয়োগদাতা, সহকর্মী, পেশাজীবী ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ই-মেইল এখনো গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

একজন চাকরিপ্রার্থী কীভাবে নিজের কথা লিখছেন, কী চাইছেন এবং কতটা পেশাদারভাবে যোগাযোগ করছেন, তার ওপরও অনেক সময় প্রথম ধারণা তৈরি হয়। তাই একটি ই-মেইল শুধু বার্তা পাঠানোর মাধ্যম নয়, এটি নিজের দক্ষতা ও পেশাদারিত্ব তুলে ধরারও একটি সুযোগ।

চাকরির সুযোগ তৈরিতে ই-মেইলের ভূমিকা

চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করার বাইরে অনেক প্রতিষ্ঠানেই সরাসরি ই-মেইলের মাধ্যমে নিজের আগ্রহ জানানো যায়। কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি না থাকলেও নিজের যোগ্যতা তুলে ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি সংক্ষিপ্ত ই-মেইল পাঠানো যেতে পারে।

তবে এর অর্থ এই নয় যে, একই লেখা অসংখ্য প্রতিষ্ঠানে পাঠিয়ে দিলেই সুযোগ তৈরি হবে। বরং যে প্রতিষ্ঠানে কাজ করতে চান, তাদের কাজের ধরন সম্পর্কে ধারণা নিয়ে নিজের দক্ষতার সঙ্গে সেটির মিল কোথায়, তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

প্রথম কয়েকটি লাইনই গুরুত্বপূর্ণ

একজন নিয়োগদাতা প্রতিদিন অসংখ্য ই-মেইল পেতে পারেন। তাই শুরুতেই দীর্ঘ পরিচয় বা অপ্রয়োজনীয় তথ্য দিলে বার্তাটি পড়ার আগ্রহ কমে যেতে পারে।

ই-মেইলের প্রথম অংশেই সংক্ষেপে জানানো উচিত আপনি কে, কেন যোগাযোগ করছেন এবং কী ধরনের সুযোগ প্রত্যাশা করছেন উদাহরণস্বরূপ, একজন নতুন চাকরিপ্রার্থী লিখতে পারেন যে, তিনি সদ্য স্নাতক সম্পন্ন করেছেন, নির্দিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা বা দক্ষতা রয়েছে এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে আগ্রহী।

বিষয়ের ঘর ফাঁকা রাখবেন না

ই-মেইলের বিষয় বা শিরোনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রাপক প্রথমেই সেটি দেখেন। শুধু ‘চাকরির জন্য আবেদন’ বা ‘সিভি’ লিখলে ই-মেইলটি অন্য অনেক বার্তার মধ্যে হারিয়ে যেতে পারে। এর পরিবর্তে কোন পদের জন্য যোগাযোগ করছেন, সেটি সংক্ষেপে উল্লেখ করা ভালো। বিষয় যত পরিষ্কার হবে, প্রাপকের কাছে ই-মেইলের উদ্দেশ্য তত দ্রুত বোঝা যাবে।

নিজের দক্ষতা বলুন, তবে গল্প নয়

ই-মেইলে নিজের সব অর্জনের তালিকা দেওয়ার প্রয়োজন নেই। বরং যে কাজের জন্য যোগাযোগ করছেন, তার সঙ্গে সম্পর্কিত দুই-তিনটি গুরুত্বপূর্ণ দক্ষতা তুলে ধরাই বেশি কার্যকর। ধরা যাক, একজন প্রার্থী সংবাদমাধ্যমে কাজ করতে চান। সে ক্ষেত্রে তিনি সংবাদ লেখা, ছবি বা ভিডিও সম্পাদনা, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা কিংবা তথ্য সংগ্রহের মতো প্রাসঙ্গিক দক্ষতার কথা উল্লেখ করতে পারেন।

এতে নিয়োগদাতা বুঝতে পারবেন, প্রার্থী শুধু চাকরি খুঁজছেন না, বরং প্রতিষ্ঠানটির প্রয়োজনের সঙ্গে নিজের দক্ষতার সম্পর্কও বুঝতে পারছেন।

সিভি পাঠালেই দায়িত্ব শেষ নয়

অনেকেই ই-মেইলের সঙ্গে জীবনবৃত্তান্ত যুক্ত করেই মনে করেন কাজ শেষ। কিন্তু ই-মেইলের মূল লেখাটিও গুরুত্বপূর্ণ। শুধু ‘আমার জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হলো’ লিখলে নিজের সম্পর্কে প্রয়োজনীয় ধারণা তৈরি হয় না। সংক্ষিপ্তভাবে নিজের পরিচয়, দক্ষতা এবং কেন ওই প্রতিষ্ঠানে কাজ করতে চান, তা জানানো উচিত। জীবনবৃত্তান্ত সংযুক্ত করার আগে ফাইলটির নামও পেশাদার রাখা ভালো। এতে প্রাপকের কাছে ফাইলটি শনাক্ত করা সহজ হয়।

পরিচিতি তৈরি করতেও ই-মেইল কার্যকর

ক্যারিয়ারে শুধু চাকরির জন্য নয়, পেশাগত পরিচিতি তৈরিতেও ই-মেইল গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠানের অভিজ্ঞ সাংবাদিক, শিক্ষক, গবেষক কিংবা পেশাজীবীর কাজ আপনার ভালো লাগলে তার সঙ্গে ভদ্রভাবে যোগাযোগ করতে পারেন। তবে শুধু ‘আমাকে চাকরি দিন’ ধরনের বার্তা না পাঠিয়ে তার কাজের নির্দিষ্ট কোনো দিক উল্লেখ করে নিজের আগ্রহ জানানো বেশি কার্যকর। এ ধরনের যোগাযোগ ভবিষ্যতে পরামর্শ, কাজের সুযোগ কিংবা পেশাগত সম্পর্ক তৈরির পথ খুলে দিতে পারে।

অনুসরণ করতে হবে, বিরক্ত করা যাবে না

ই-মেইল পাঠানোর পর উত্তর না পাওয়া অস্বাভাবিক নয়। তাই প্রয়োজন হলে কয়েক দিন পর একটি সংক্ষিপ্ত অনুসরণী ই-মেইল পাঠানো যেতে পারে। তবে বারবার একই বার্তা পাঠানো কিংবা দ্রুত উত্তর না পাওয়ায় একের পর এক ই-মেইল করা উচিত নয়। এতে বরং নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ক্যারিয়ারসংক্রান্ত ই-মেইলে কিছু সাধারণ ভুল এড়ানো জরুরি। ভুল ব্যক্তির কাছে ই-মেইল পাঠানো। বিষয়ের ঘর ফাঁকা রাখা। অতিরিক্ত দীর্ঘ লেখা। বানান ও ভাষাগত ভুল। অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দেওয়া। জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে ভুলে যাওয়া। অনুপযুক্ত বা অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করা। একই ই-মেইল বহু প্রতিষ্ঠানে হুবহু পাঠানো। উত্তর না পেয়ে বারবার যোগাযোগ করা।

একটি ভালো ই-মেইল কী প্রকাশ করে?

একটি ভালো ই-মেইল শুধু তথ্য দেয় না, প্রার্থীর ব্যক্তিত্ব সম্পর্কেও ধারণা তৈরি করে। সংক্ষিপ্ত ও পরিষ্কার লেখা দেখায় যে প্রার্থী নিজের কথা গুছিয়ে বলতে পারেন। সঠিক সম্বোধন ও ভদ্র ভাষা পেশাদার আচরণের পরিচয় দেয়। আর প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে জেনে যোগাযোগ করা প্রার্থীর আগ্রহ ও প্রস্তুতির বিষয়টি তুলে ধরে।

ক্যারিয়ারে সফলতার জন্য দক্ষতা ও যোগ্যতার পাশাপাশি সঠিকভাবে যোগাযোগ করতে পারাও গুরুত্বপূর্ণ। একটি ই-মেইল হয়তো এক মুহূর্তে চাকরি নিশ্চিত করবে না, কিন্তু সেটিই তৈরি করতে পারে প্রথম পরিচয়, সাক্ষাতের সুযোগ কিংবা ভবিষ্যতের কোনো সম্ভাবনার দরজা। তাই ক্যারিয়ারের শুরু থেকেই ই-মেইলকে শুধু বার্তা পাঠানোর মাধ্যম হিসেবে না দেখে নিজের পেশাদার পরিচয় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত।