বাংলাদেশ স্কাউটসে দুই ক্যাটাগরির পদে ২৩ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ম গ্রেডের এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। দেশের সব জেলার নাগরিকদের আবেদনের সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক পদে ২২ জন এবং সহকারী প্রোগ্রামার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। উভয় পদেই বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী পরিচালক পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও স্কাউটিং বিষয়ে মৌলিক অভিজ্ঞতা থাকতে হবে।
সহকারী প্রোগ্রামার পদে কম্পিউটার বিজ্ঞান, সিএসই, আইসিটি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষায় প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে। পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আইটিইই বা সমমানের সনদধারী এবং স্কাউটিংয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স এই সীমার মধ্যে থাকতে হবে। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন শুরু হবে ২০ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫১৫ টাকা, যার মধ্যে পরীক্ষার ফি ৫০০ টাকা এবং অনলাইন বা পেমেন্ট সার্ভিস চার্জ ১৫ টাকা।
আবেদন করতে হবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ই-রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে। আবেদনকারীদের নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন সম্পন্ন করার পর অ্যাপ্লিক্যান্টস কপি ও পেমেন্ট স্লিপ সংরক্ষণ করতে হবে।
নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ স্কাউটসের এই নিয়োগ সরাসরি রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে।